পাঁচ জেলায় বন্যার শঙ্কা

আগামী সাত দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর প্রভাবে আগামী পাঁচ দিনের মধ্যে পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বেড়ে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার (৫ জুলাই) রাতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানের সই করা পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানির সমতলসংক্রান্ত বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়।
বিশেষ বার্তায় বলা হয়, আগামী ১২ জুলাই পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য এবং উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপ দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়াতে পারে। ফলে কোথাও কোথাও ৩৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১০ জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম বিভাগ, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা এবং মিয়ানমারের পার্বত্য উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে গোমতী, মুহুরী, ফেনী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিচু এলাকায় সাময়িক প্লাবনেরও আশঙ্কা রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের নদী অববাহিকা সম্পর্কে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। তবে সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী এবং ভুগাই-কংস নদীর পানি কমেছে। আগামী পাঁচ দিনে ভারী বৃষ্টির কারণে এসব নদীর পানি আবারও দ্রুত বাড়তে পারে। এর ফলে ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে কিছু স্থানে নদীর পানি সতর্কসীমায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
এ সময় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। ধরলা ও দুধকুমার নদীর পানি কমে বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিন এসব নদীর পানি আরও কমতে পারে। তবে ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে আবারও পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
ভিওডি বাংলা/আ








মন্তব্য