• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এইচএসসি পরীক্ষা

প্রথমবার কেন্দ্রের বাইরে পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ১০:৪৭ এ.এম.
রাজধানীর একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের শরীরে বডি ওয়ার্ন ক্যামেরা। ছবি: সংগৃহীত
রাজধানীর একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের শরীরে বডি ওয়ার্ন ক্যামেরা। ছবি: সংগৃহীত

চলতি বছর সারাদেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

এবারের পরীক্ষায় সিসিটিভি ক্যামেরার পাশাপাশি প্রথমবারের মতো পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রের বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ, পরীক্ষার্থীদের প্রবেশের সময় শৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যের শরীরে বডি ওয়ার্ন ক্যামেরা সংযুক্ত রয়েছে। একই সঙ্গে কেন্দ্রের বাইরে মাইকে পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা, প্রবেশের সময়সূচি এবং পরীক্ষার্থীদের করণীয় জানানো হচ্ছিল।

শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে আসতে শুরু করে। যানজট ও নগরীর ব্যস্ততা বিবেচনায় নিয়ে এবার সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। ফলে পরীক্ষা শুরুর আগে অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা তৈরি হয়নি বলে জানিয়েছে কেন্দ্র সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় পরীক্ষাকেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পুলিশের প্রতিনিধিরা জানান, জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় এই প্রযুক্তির ব্যবহার ইতিবাচক ফল দিয়েছে।

পুলিশ কর্মকর্তাদের মতে, বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের কারণে দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বাড়তি সচেতনতা তৈরি হয়। একইসঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হয়। এ কারণে পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার মাধ্যমে পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ রাখা সম্ভব হবে। দায়িত্বে থাকা শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যেও বাড়তি সতর্কতা তৈরি হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এসএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোতে সিসিটিভি নজরদারি বাড়ানোর পর নকলের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসে। পরিসংখ্যান অনুযায়ী, অনিয়ম ও নকল প্রায় ৭৮ শতাংশ হ্রাস পেয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে এবার আরও কঠোর নজরদারির অংশ হিসেবে বডি ওয়ার্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে।

এদিকে এবার পরীক্ষার জন্য সারাদেশে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ১ হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন শিক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ৪৬১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
মাদ্রাসার ১৩ শিক্ষকের এমপিও বাতিল, ফেরত দিতে হবে টাকা
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, সব বোর্ডে একই প্রশ্নপত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
১০৬ বছরে প্রাচ্যের অক্সফোর্ড