মাদ্রাসার ১৩ শিক্ষকের এমপিও বাতিল, ফেরত দিতে হবে টাকা

শিক্ষক নিবন্ধন সনদ ও সুপারিশপত্র জাল প্রমাণিত হওয়ায় দেশের বিভিন্ন মাদ্রাসায় কর্মরত ১৩ শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। তাদের এমপিও (মাসিক বেতন-ভাতা) বন্ধের পাশাপাশি এ পর্যন্ত উত্তোলিত বেতন-ভাতার পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’-এর ১৮.১ (গ) ও (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমপিও সুবিধা বাতিল হওয়া ১৩ শিক্ষক হলেন— মো. নুরুজ্জামান (সিরাজগঞ্জ), মো. মাহবুব রশিদ (রংপুর), মো. আব্দুর রহমান (পিরোজপুর), মো. মাসুম বিল্লাহ (পিরোজপুর), মো. হারুনুর রশিদ (কুড়িগ্রাম), করিমা খাতুন (বাগেরহাট), বিশ্বজিৎ সমাদ্দার (সাতক্ষীরা), শহীদুল হক (কুমিল্লা), মো. রোকনুজ্জামান (গাজীপুর), জালাল উদ্দিন (ঢাকা), হাসিনা (গাজীপুর), মো. মাহফুজুর রহমান (গাজীপুর) এবং নাসরিন সুলতানা (নরসিংদী)।
অফিস আদেশে আরও বলা হয়, জাল সনদ ব্যবহার করে এ পর্যন্ত সরকারের কাছ থেকে বেতন-ভাতা বাবদ উত্তোলন করা সব অর্থ দ্রুত সরকারি কোষাগারে ফেরত নিশ্চিত করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে ওই শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য