• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক    ১ জুলাই ২০২৬, ১১:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জর্ডানের একটি উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে। বুধবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। সফল উদ্ধার অভিযানের পর আনন্দে উল্লাস করেন তারা।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, উদ্ধার হওয়া শিশুটির নাম ক্লিবার মোরান। তিনি এ ঘটনাকে দুর্যোগের মধ্যেও ‘আশার আলো’ হিসেবে উল্লেখ করেন।

গত বুধবার ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। এছাড়া এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের প্রয়োজন। নাসার প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

জর্ডানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ক্লিবারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ বলেন, রাজধানী কারাকাসে তার চিকিৎসা চলছে।

বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে ‘গোল্ডেন আওয়ার’ হিসেবে ধরা হয়। এই সময়ের মধ্যেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সে বিবেচনায় ছয় দিন পর শিশুটির উদ্ধার একটি বিরল ঘটনা।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, সেখানে খাদ্যসংকট দেখা দিয়েছে এবং মৌলিক সেবাব্যবস্থা ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ছয় মাসে ক্ষতিগ্রস্ত ৩০ হাজার মানুষের জন্য সুরক্ষা, ত্রাণ ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে অন্তত ১৫ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, দেশটির স্বাস্থ্যব্যবস্থা চরম চাপের মুখে রয়েছে। টিকাদানের হার কম থাকায় হাম ও ডিপথেরিয়ার মতো প্রতিরোধযোগ্য রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে।

জর্জ রদ্রিগেজ বলেন, ক্লিবারের উদ্ধার প্রমাণ করে এখনও ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষ থাকার সম্ভাবনা রয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো প্রশিক্ষিত কুকুর ও ভারী যন্ত্রপাতি নিয়ে অনুসন্ধান অব্যাহত রেখেছে। একই সঙ্গে নিহতদের দাফন এবং নিখোঁজদের সন্ধানও চলছে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধ্বংসস্তূপে মিলল ছেলের নিথর দেহ, বাবার আর্তনাদে স্তব্ধ ভেনেজুয়েলা
ধ্বংসস্তূপে মিলল ছেলের নিথর দেহ, বাবার আর্তনাদে স্তব্ধ ভেনেজুয়েলা
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিমান হামলায় ক্ষুব্ধ ভারত, বলল ‘নির্লজ্জ আগ্রাসন’
ছবি: সংগৃহীত
চুক্তি পরেও লেবানন থেকে যে কারণে সেনা প্রত্যাহার না ইসরাইল