এক টাকার দুর্নীতির প্রমাণ দিন, সংসদ ছাড়ব: হাসনাত

নিজের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি এ চ্যালেঞ্জ দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বাজেটের ওপর আলোচনা চলাকালে ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার জন্য দাঁড়ান হাসনাত আব্দুল্লাহ। ডেপুটি স্পিকার তাকে এক মিনিট সময় দিলে তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি আমার বক্তব্যের কোথাও বলিনি যে আমাকে যেন বরাদ্দ থেকে বঞ্চিত করা না হয়। আমি বলেছি, আমার বক্তব্যের কারণে যেন আমার এলাকার মানুষ কোনোভাবে বঞ্চিত না হয়।’
তিনি অভিযোগ করে বলেন, সংসদে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বলা হয়েছে আমরা আগে রিকশায় চলতাম, এখন গাড়িতে চলি।’
সরকারদলীয় সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে থাকা গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তার বিরুদ্ধে তদন্ত করা যেতে পারে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ডিজিএফআই, এনএসআই, পুলিশ, সামরিক বাহিনী—সবাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি অনুরোধ করব, অভিযোগের সুরে কথা না বলে তদন্ত করুন। আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতি বা কোনো অসৎ উপায়ে অর্জিত সম্পদের প্রমাণ দিতে পারলে আমি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেব।’
তার এ বক্তব্যের পর সংসদে কিছু সময় আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ভিওডি বাংলা/আ








মন্তব্য