• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ১০:০৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের একটি জনপ্রিয় খাবার উৎসবে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় সিয়াটলের বিখ্যাত ‘স্পেস নিডল’ টাওয়ারের কাছের সিয়াটল সেন্টারে এ ঘটনা ঘটে। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিয়াটল অগ্নিনির্বাপণ বিভাগের এক মুখপাত্র জানান, বন্দুক হামলায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টার দিকে সিয়াটল সেন্টারে চলমান ‘বাইট অব সিয়াটল’ খাবার উৎসবের মধ্যে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ, দমকলকর্মী ও জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুরো এলাকা খালি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে নগরীর কেন্দ্রের উত্তর-পশ্চিমে অবস্থিত ওই এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।

হারবারভিউ মেডিকেল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, হাসপাতালে চারজন আহতকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছে একটি শিশু, ২৩ বছর বয়সী এক তরুণ এবং দুই নারী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার প্রত্যক্ষদর্শী এস্তান ওয়াকোনাবো জানান, তিনি ও তার বান্ধবী একটি ছবি তোলার বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘুরে দেখেন, চারদিকে মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে।

তিনি বলেন, মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। সবাই একে অন্যকে ধাক্কা দিচ্ছিল, অনেকে মাটিতে পড়ে যাচ্ছিল। এমনকি শিশুদের ঠেলাগাড়িও উল্টে যায়। পরে তিনি গুলির শব্দ শুনতে পান এবং বুঝতে পারেন, বন্দুকধারী গুলি চালাচ্ছে।

ওয়াকোনাবো জানান, প্রথমে তিনি তার বান্ধবীকে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে ঘটনাস্থলে ফিরে এসে মাটিতে পড়ে থাকা কয়েকজন আহত ব্যক্তিকে দেখতে পান।

উল্লেখ্য, ‘বাইট অব সিয়াটল’ শহরের অন্যতম বড় খাবার উৎসব। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে এ উৎসব শুরু হয়। প্রতি বছর তিন দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন খাবার, পানীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ অংশ নেন।

ভিওডি বাংলা/‎আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাটনার বাঁকিপুরের প্রায় এক-তৃতীয়াংশ ভোটার তরুণ। সম্প্রতি এই তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলনের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। ছবি: পিটিআই
ভারতের উপনির্বাচনে ফল গড়বে কি জেন-জি ভোটাররা?
ছবি: আল জাজিরা
আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি
ছবি: রয়টার্স
ইরান যুদ্ধে নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা