নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাডুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) ভোরে সংঘটিত এ হামলায় নিহতদের মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গ্রামপ্রধানের সচিব ডোগন রানা বলেন, ভোরের দিকে একদল সশস্ত্র ব্যক্তি গ্রামে ঢুকে অতর্কিত গুলি চালায়। পরে তারা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় যুবনেতা ইশায়া দাওয়ার ভাষ্য, হামলাকারীরা মধ্যরাতে কাউরু এলাকার নারিডন গ্রামে প্রবেশ করে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তিনি দাবি করেন, কয়েকজনকে নির্মমভাবে জবাইও করা হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। নিহত কয়েকজনের মরদেহ ইতোমধ্যে মর্গে পাঠানো হয়েছে।
দাওয়ার অভিযোগ, হামলাকারীরা গ্রাম ছেড়ে যাওয়ার আগে একাধিক বসতঘরে আগুন লাগিয়ে দেয়। হামলার কয়েক ঘণ্টা পর সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে দীর্ঘদিন ধরেই সশস্ত্র গ্যাং ও অপরাধী চক্রের সহিংসতায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে। এসব এলাকায় প্রায়ই গ্রামে হামলা, হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা ঘটছে।
অন্যদিকে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) বিদ্রোহ চালিয়ে গেলেও, সর্বশেষ কাডুনা হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।
সূত্র: রয়টার্স।
ভিওডি বাংলা/আর









মন্তব্য