• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাইয়ে ৮-৯ দিন বজ্রঝড়, বন্যার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০৭:৩৯ পি.এম.
জুলাইয়ে ভারী বৃষ্টিতে বন্যার পূর্বাভাস
ছবি: সংগৃহীত

জুন মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে জুলাইয়ে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি বেড়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

বুধবার (১ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় জুন মাসের আবহাওয়ার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এ পূর্বাভাস প্রকাশ করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে ৮ থেকে ৯ দিন বজ্রঝড় হতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর বলেছে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারি বৃষ্টিপাতের প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।

এদিকে জুন মাসের আবহাওয়া পর্যালোচনায় অধিদপ্তর জানিয়েছে, গত মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং রংপুর বিভাগে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

জুন মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১৭৮ মিলিমিটার রেকর্ড করা হয় নেত্রকোনায় ১২ জুন। একই মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা যশোরে ৪ জুন রেকর্ড করা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯ জুন নরসিংদীতে রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসজুড়ে পরিবর্তনশীল আবহাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় এবং নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

ভিওডি বাংলা/আরআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। ছবি: সংগৃহীত
নতুন পোশাকে মাঠে দেশের পুলিশ
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ পরিদর্শনে প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত
সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক