সৌদি আরবের পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সৌদি আরবের ড্রোন হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
সোমবার (২৭ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবু পর্যন্ত অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত সংবেদনশীল অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
তবে হামলার বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত ফেব্রুয়ারিতে ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় সৌদি আরব পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল পরিবহনে পূর্ব-পশ্চিম পাইপলাইন ব্যবহারের ওপর গুরুত্ব বাড়ায়।
এর আগে গত সপ্তাহে হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের তেল শিল্পের ওপর অবরোধ আরোপের ঘোষণা দেয়। এতে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।
এর জবাবে সৌদি আরব ইয়েমেনের হুদাইদাহ বন্দরে হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। একই সঙ্গে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌপথ ও বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রিয়াদ।
সূত্র: রয়টার্স
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য