দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণ, শেষে যা ঘটল

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক অটোরিকশাচালককে অপহরণ করে আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় অপহৃত চালক মো. সুন্দর আলীকে (৪৬) উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তাররা হলেন মো. কুদ্দুস মিয়া (৩৮), মো. জুয়েল রানা ওরফে কুত্তা জুয়েল (৪০), মো. রাকিব হাওলাদার (২৬) এবং মো. অপু মীর ওরফে বায়জিদ (৩৫)।
র্যাব জানায়, সুন্দর আলী দক্ষিণ কেরানীগঞ্জের চর কুন্দলিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে গত ১৯ জুলাই বিকেলে সম্ভাব্য কনে দেখতে গোলাম বাজার থেকে রামেরকান্দা এলাকায় যাচ্ছিলেন। পথে ধর্মশুর এলাকায় পৌঁছালে কয়েকজন তার অটোরিকশার গতিরোধ করে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে তাকে রামেরকান্দা বালুর মাঠ এলাকায় নিয়ে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় তাকে চেতনানাশক ওষুধ খাওয়ানোরও অভিযোগ রয়েছে। অপহরণকারীরা তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের টাকা পাঠাতে চাপ দেয়।
একপর্যায়ে তাকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। পরিবারের সদস্যরা প্রথমে নগদের মাধ্যমে পাঁচ হাজার টাকা এবং পরে আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করে আরও ৩৯ হাজার টাকা পাঠালেও তাকে মুক্তি দেওয়া হয়নি। পরে ভুক্তভোগীর স্বজন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন এবং র্যাবের সহযোগিতা চান।
এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুরে শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে রাকিবের ভাড়া বাসা থেকে তালাবদ্ধ অবস্থায় সুন্দর আলীকে উদ্ধার করে র্যাব। একই অভিযানে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তারদের মধ্যে কুদ্দুস মিয়ার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। রাকিব হাওলাদারের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা, জুয়েল রানার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা এবং অপু মীরের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট মোট চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য