হামের তাণ্ডব অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

হাম পরিস্থিতির আরও অবনতি হচ্ছে দেশে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে চলতি প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৩ জনে।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৯৮ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৫ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯২২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৫৭৮ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য