বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
রোববার (১২ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।
পোস্টে শেহবাজ শরিফ বলেন, ‘বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে মর্মাহত।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তানের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের অবিচল সংহতি প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তা কামনা করছি।’
বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে টানা ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় শনিবার (১১ জুলাই) পর্যন্ত ৩৯ জন মারা যায়।
একই সঙ্গে বিভাগের পাঁচ জেলার অন্তত ৯ লাখ ২৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর পানি বৃদ্ধি, পাহাড়ধস ও বন্যার পানিতে ডুবে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজার জেলায়। সেখানে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা। এ ছাড়া চট্টগ্রাম জেলায় আটজন, বান্দরবান জেলায় ছয়জন এবং রাঙামাটি জেলায় দুজনের মৃত্যু হয়েছে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য