জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণঅভ্যুত্থান-পরবর্তী জনগণের প্রত্যাশা অনুযায়ী পুলিশকে আরও জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকারীরা পুরস্কৃত হবেন, আর আইন লঙ্ঘন বা অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৬ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ এবং আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা হবে। অন্যদিকে আইন-বিধি লঙ্ঘন করে জনসেবায় ব্যাঘাত সৃষ্টি বা কোনো ধরনের অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রসঙ্গে তিনি বলেন, উল্টো রথযাত্রা বা কোনো ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে এটি রাখা হয়েছে, এমন ধারণার পক্ষে কোনো ভিত্তি নেই। বিষয়টি কাকতালীয় বলেই মনে হচ্ছে। তিনি জানান, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত সেটি নিষ্ক্রিয় করেছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং তা গৃহীত হয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর যেকোনো নাগরিক বা রাজনৈতিক দলের মতামত ও প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনকালীন সময়ের সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) সাবেক রাষ্ট্রপতির ক্ষেত্রে বহাল থাকবে। আইন অনুযায়ী তাকে এসএসএফ (SSF), পিজিআর (PGR) ও পুলিশ বাহিনীর সমন্বয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হচ্ছে।
এ বছরের পুলিশ সপ্তাহে পদক প্রদান অনুষ্ঠান না হওয়ার কারণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে প্রস্তুত করা তালিকায় কিছু কারিগরি ত্রুটি ও অনিয়ম ধরা পড়েছে। এ কারণে তালিকাটি পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে দ্রুততম সময়ের মধ্যে যোগ্য পুলিশ সদস্যদের হাতে বিশুদ্ধ তালিকার ভিত্তিতে পদক তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) মো. কামরুল আহসান।
অনুষ্ঠানে সাহসিকতা, প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোট নয়জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ঢাকা রেলওয়ে থানার যৌথ উদ্যোগে মাত্র ৩০ মিনিটের মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করার ঘটনায় সাতজন পুলিশ সদস্য পুরস্কৃত হন। তারা হলেন ঢাকা রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জয়নাল আবেদীন, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির ও মো. রাজিকুল ইসলাম, কনস্টেবল মো. শাহীনুর ইসলাম ও আজমীর হোসেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও কনস্টেবল মো. বুলবুল আহমেদ।
এ ছাড়া ট্রাফিক সার্জেন্টের সাহসিকতায় ছিনতাইকারী গ্রেফতারের ঘটনায় ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের সার্জেন্ট এম এস মাহমুদ আলি এবং সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিনকে পুরস্কৃত করা হয়।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য