জুলাই শহিদ দিবস ঘিরে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

‘জুলাই শহিদ দিবস’ ২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিবসটিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে মাঠপর্যায়ে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বাহিনীটি।
বুধবার (১৬ জুলাই) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুলাইকে কেন্দ্র করে জারি করা সব ধরনের আইনশৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র্যাব ফোর্সেস মাঠে সক্রিয় রয়েছে। সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থল, জুলাই স্মৃতিস্তম্ভ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে র্যাবের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
গোয়েন্দা নজরদারি বাড়াতে বিভিন্ন এলাকায় আগাম তথ্য সংগ্রহের জন্য সোর্স নিয়োগ করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ ও নজরদারিও অব্যাহত রয়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এসব ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।
র্যাব আরও জানিয়েছে, দায়িত্ব পালনের সময় নিজস্ব কমান্ডের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
দিবসটি শান্তিপূর্ণভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেছে র্যাব। পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে সংশ্লিষ্ট এলাকার টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র্যাব ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে যোগাযোগ করে দ্রুত র্যাবকে জানাতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।








মন্তব্য