• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ০৯:১৩ এ.এম.
উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। ছবি: সংগৃহীত
উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। ছবি: সংগৃহীত

উজানের পাহাড়ি ঢল এবং টানা কয়েক দিনের ভারী বর্ষণের প্রভাবে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমার ওপরে উঠে গেছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের সব জলকপাট খুলে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৬ মিটার (এমএসএল)। সেখানে বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ নদীর পানি বিপৎসীমার চেয়ে ১ সেন্টিমিটার ওপরে অবস্থান করছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে।

পাউবোর কর্মকর্তারা জানান, ভারতের উজান থেকে নেমে আসা ঢল এবং গত কয়েক দিনের ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। এ অবস্থায় নদীর প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত পানি দ্রুত নিচের দিকে নেমে যেতে পারে।

পানির উচ্চতা আরও বৃদ্ধি পেলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী এবং শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা নদীর পানির গতিপ্রকৃতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে নদীর পানি আরও বাড়তে পারে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে আগাম সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘উজানের ঢল ও বৃষ্টির কারণে আজ মধ্যরাত পর্যন্ত তিস্তার পানি আরও বাড়তে পারে। আগামী তিন দিন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে পানি সাময়িকভাবে কমলেও নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকা উচিত।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ: সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত
ছবি: সংগৃহীত
টানা বর্ষণ ও জোয়ারে প্লাবিত হাতিয়া, দুর্ভোগে মানুষ
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের চুল কাটা নিয়ে বিদ্যালয়ে হাতাহাতি