• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় মিলল বিএনপি নেতার মরদেহ

বাগেরহাট প্রতিনিধি    ১১ জুলাই ২০২৬, ০৮:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলায় নিজ বাড়ি থেকে বিএনপির এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় খাটের ওপর তাঁর মরদেহ পাওয়া যাওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে চাকলাদার আবুল কালামের (৬০) মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য এবং পেশায় একজন ঠিকাদার ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, চাকলাদার আবুল কালাম প্রয়াত চাকলাদার হাতেম আলীর ছেলে। পারিবারিক কলহের কারণে স্ত্রী ও দুই ছেলে গত এক বছরেরও বেশি সময় ধরে বাগেরহাট শহরে ভাড়া বাসায় থাকছিলেন। এ সময় তিনি গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন।

নিহতের চাচাতো ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, “বনিবনা না হওয়ায় আমার ভাশুর কালামকে ছেড়ে তাঁর স্ত্রী ও দুই ছেলে বাগেরহাট শহরে ভাড়াবাড়িতে বসবাস করায় এক বছরের বেশি সময় ধরে তিনি একা তাঁর বাড়িতে বসবাস করছিলেন। তাঁরা চলে যাওয়ার পর থেকে আমার ভাশুর কালামকে তিনবেলা খাবার আমি দিয়ে আসছি। প্রতিদিনের মতো শুক্রবার রাত ১০টার পরে তাঁকে ডেকে খাবার দিই। শনিবার (১১ জুলাই) সকালে তাঁকে ভাত দিতে এসে ডাকাডাকি করতে থাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি তিনি গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় বসে আছেন। এই দেখে আমি ডাকচিৎকার করতে থাকি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।”

ঘটনার পর নিহতের বাড়িতে যান বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু। তিনি বলেন, “কালাম দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়ি এসে দেখি তাঁর শোয়ার খাটে বসা। গলায় কাপড় প্যাঁচানো। যেভাবে গলায় কাপড় প্যাঁচানো, তাতে মনে হয়নি সে আত্মহত্যা করেছে। এভাবে আত্মহত্যা করা যায় না। আমরা তাঁর এমন মৃত্যুতে ব্যথিত। তাঁর মৃত্যুরহস্য উন্মোচন করতে পুলিশ সঠিক তদন্ত করবে সেই দাবি জানাচ্ছি।”

বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় তাঁর মৃত্যু হয়েছে। শনিবার মরদেহ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
পণ্য খালাসে দেরি, এলসিএল কার্গোতে চার গুণ জরিমানা
ফাইল ছবি
থানা থেকে পালানোর ৪৮ ঘণ্টার মধ্যেই নারী আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
শালিখায় যুবদল নেতা বহিষ্কার