• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন পোশাকে মাঠে দেশের পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০৫:০১ পি.এম.
নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। ছবি: সংগৃহীত
নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের ট্রাউজারে আবারও দেখা যাচ্ছে পুলিশ সদস্যদের। সরকার পরিবর্তনের পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে এই পোশাক ব্যবহার শুরু হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ধাপে ধাপে সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে যারা ইউনিফর্ম পেয়েছেন তারা নতুন পোশাকেই দায়িত্ব পালন করছেন।

বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।

একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি ট্রাউজারে উপস্থিত থাকতে দেখা গেছে। নতুন পোশাকের মাধ্যমে পুলিশের ইউনিফর্মে আবারও বড় ধরনের পরিবর্তন দৃশ্যমান হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, নতুন ইউনিফর্ম সরবরাহের কাজ চলমান রয়েছে। এখনো সব সদস্যের হাতে পোশাক পৌঁছেনি। পর্যায়ক্রমে দেশের সব ইউনিটে নতুন ইউনিফর্ম সরবরাহ করা হবে।

তিনি বলেন, যেসব সদস্য নতুন পোশাক পেয়েছেন তারা ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন।

গত বছরের জুলাই গণ-অভ্যুত্থান এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন কাঠামোগত সংস্কারের দাবি ওঠে। সেই সময় পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে।

পরে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের ইউনিফর্মে লোহা-ধূসর রঙের শার্ট ও কফি-বাদামি ধূসর ট্রাউজার যুক্ত করা হয়েছিল।

২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে সেই ইউনিফর্ম পরে মাঠে নামেন পুলিশ সদস্যরা। তবে ওই পোশাক নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক সদস্য আগের ঐতিহ্যবাহী রঙে ফেরার পক্ষে মত দেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের ইউনিফর্ম আবার পরিবর্তনের দাবি জোরালো হয়। এর ধারাবাহিকতায় গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে পোশাকের রঙ ও নকশায় পরিবর্তন আনে।

নতুন প্রজ্ঞাপনে শুধু শার্ট ও ট্রাউজার নয়, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক এবং মাথার আবরণের রঙেও পরিবর্তন আনা হয়েছে।

আগের বিধানে লোহা-ধূসর শার্টের সঙ্গে একই রঙের ফুলহাতা জার্সি বা কার্ডিগান ব্যবহারের নির্দেশনা ছিল। নতুন নির্দেশনায় সেটি পরিবর্তন করে গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল জার্সি বা পুলওভার নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পুলিশ, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের তৈরি।

শার্টের সামনের অংশে চারটি পকেট থাকবে এবং সমদূরত্বে সাতটি বোতাম ব্যবহার করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

মহানগর পুলিশের কিছু ইউনিটে হালকা জলপাই রঙের শার্ট ব্যবহারের বিধানও রাখা হয়েছে।

নারী পুলিশ সদস্যদের জন্যও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশের সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া নারী সদস্যরা চাইলে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যদের সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরার অনুমতিও রাখা হয়েছে।

গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিট প্রধানের অনুমোদন নিয়ে নারী সদস্যরা সাধারণ পোশাক ব্যবহার করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনায় মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা শার্ট এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরতে হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তিন উপজেলা ও এক থানার অনুমোদন
আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো আমের চালান। ছবি: সংগৃহীত
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬শ’ কেজি আম পাঠাল সরকার
ছবি: সংগৃহীত
৫শ’ স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য