• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ পরিদর্শনে প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০৪:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ আসনের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচি পালন করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বুধবার (১ জুলাই) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধি দল আনন্দবাজার খাল, পূর্ব মনিপুর, বাইশটেকী সরকারবাড়ি মোড় এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পানি, গ্যাস, ড্রেনেজ, জলাবদ্ধতা, ভাঙা সড়ক, অবৈধ দখল, যানজট, মাদক, কিশোর গ্যাং এবং শিক্ষা প্রতিষ্ঠানের ফি-সংক্রান্ত সমস্যার বিষয়ে অভিযোগ শোনেন তারা।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিরোধীদলীয় নেতার নির্বাচনি এলাকার উন্নয়নকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। ওয়াসা, তিতাস, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দুর্ভোগ কমানোই তাদের মূল লক্ষ্য। আনুষ্ঠানিকতা নয়, বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধান নিশ্চিত করতে সবাই একসঙ্গে কাজ করছেন।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন জানান, এলাকার সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। ধাপে ধাপে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচিতে ঢাকা ওয়াসা, ডিএনসিসি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তিতাস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তিন উপজেলা ও এক থানার অনুমোদন
আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো আমের চালান। ছবি: সংগৃহীত
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬শ’ কেজি আম পাঠাল সরকার
ছবি: সংগৃহীত
৫শ’ স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য