জুলাই শহিদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয়: ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘জুলাই শহিদ দিবস’ গভীর শোক, শ্রদ্ধা, গৌরব ও অনুপ্রেরণার এক মহিমান্বিত দিন। দেশের মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা, ন্যায়বিচার এবং একটি সুন্দর ভবিষ্যৎ প্রতিষ্ঠার প্রত্যাশায় যাঁরা নিজেদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, জুলাই শহিদদের সাহস, দেশপ্রেম, ত্যাগ ও দায়িত্ববোধ ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী অধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়ন, অধিকার হরণ, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ২০২৪ সালের জুলাই মাসে এক অভূতপূর্ব গণজাগরণে রূপ নেয়। মানুষের ন্যায়সংগত দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এই আন্দোলনে অসংখ্য মানুষ আত্মত্যাগ করেন, বহু মানুষ আহত হন এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন। তাঁদের এই ত্যাগ জাতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাণীতে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামের ছাত্রদল কর্মী ওয়াসিম আকরামসহ অনেকের আত্মত্যাগ আন্দোলনকে আরও বেগবান করে। এ দিন দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন আন্দোলনকারী শহিদ হন। তাঁদের সাহসী ভূমিকা ও আত্মদান দেশের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। পরবর্তীতে লাখো মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা এই গণআন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং তৎকালীন ফ্যাসিবাদ সরকারের পতন ঘটে।
তিনি বলেন, ‘জুলাই শহিদ দিবস’ স্বাধীনতা, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা কখনো বৃথা যায় না-এই বার্তাই স্মরণ করিয়ে দেয়। শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছে, তা একটি মানবিক, শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রেরণা হয়ে থাকবে।
বাণীতে ইশরাক হোসেন আরও বলেন, আজকের তরুণ প্রজন্মের জন্য জুলাই শহিদ দিবসের শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিবস নৈতিকতা, মানবিকতা, পারস্পরিক সহনশীলতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের শিক্ষা দেয়, যা একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি। শহিদদের আদর্শ ধারণ করে নতুন প্রজন্ম সততা, কর্মনিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি শক্তিশালী, মর্যাদাপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আবারও সকল জুলাই শহিদ, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধা এবং এই ঐতিহাসিক আন্দোলনে অংশগ্রহণকারী সাহসী বীর জনতার প্রতি শ্রদ্ধা জানান। তাঁদের অবদান ও আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও উল্লেখ করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জুলাই শহিদ দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে শহিদদের আত্মত্যাগ ও আদর্শ ধারণ করে সত্য, ন্যায়, মানবিকতা, সহনশীলতা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে একটি উন্নত, শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করতে হবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য