গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। পাশাপাশি শিক্ষা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের শিক্ষা খাত, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অগ্রগতির বিভিন্ন দিকের প্রশংসা করেন। তিনি বলেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাজ্য আগ্রহী। একই সঙ্গে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার প্রত্যাশাও ব্যক্ত করেন।
আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন বিশেষ গুরুত্ব পায়। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার লক্ষ্য নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করছে। নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় প্রস্তুতিও এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় যুক্তরাজ্যকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসেবে দেখে। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
বৈঠকে উচ্চশিক্ষা নিয়েও আলোচনা হয়। ব্রিটিশ হাইকমিশনার জানান, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে একই দিনে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (UNOPS)-এর বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও সৌজন্য সাক্ষাৎ করে।
ওই বৈঠকে অবকাঠামো উন্নয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ এবং নগর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়। UNOPS প্রতিনিধিরা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভবিষ্যতেও অংশীদার হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসিসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য