• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্যারিস্টার নাজিব মোমেন

বিভাজনের রাজনীতি করলে জনগণও লালকার্ড দেখাবে

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি    ২৯ আগস্ট ২০২৫, ০৩:১০ পি.এম.
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন-ছবি সংগৃহীত
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন-ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, “ফ্যাসিবাদের মূল শিকড় উপড়ে দিতেই শিক্ষার্থীরা জীবন দিয়েছে। ফ্যাসিবাদের রক্তচক্ষুকে দেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না। নতুন করে ফ্যাসিবাদের মতো চোখ রাঙাতে চাইছে কুচক্রী মহল। বেড়া-সাঁথিয়ার মাটিতে কোনো আওয়ামী দোসরদের পুনর্বাসন হতে দেওয়া হবে না। চাঁদাবাজি, দখলদারিত্ব, ট্যাগ ও বিভাজনের রাজনীতি করলে জনগণ আপনাদেরও লালকার্ড দেখাবে।”

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরাম আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের ভাবনায় ৬৮ পাবনা-১ আসন’ শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বৈষম্য ও বঞ্চনা থেকে মুক্তি পেতেই শিক্ষার্থীরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল। তারা ট্যাগ ও বিভাজনমুক্ত দেশ চেয়েছিল। আগামীতে যারাই সংসদে আসবেন, তাদেরকে জুলাই যোদ্ধাদের স্মৃতি রক্ষা করতে হবে। কর্মহীন বেকার যুবকদের চাকরির ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও প্রকৃত প্রশিক্ষণমূলক শিক্ষা নিশ্চিত করতে হবে। নৈতিকতা ও কর্মসংস্থান সবার আগে গুরুত্ব পাবে।”

পাবনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজিব মোমেন বলেন, “ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতেই বিপ্লব সংগঠিত হয়েছিল। আগামীতেও এসব আধিপত্য রুখে দিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। স্বৈরাচারের দাপট ক্ষণস্থায়ী। জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করেই সরকার গঠন করতে হবে। অন্যথায় বৈষম্য ও বিভাজনের রাজনীতি যারা করবে, তারাও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।” 

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জনগণের রায় পেলে সাঁথিয়া ও বেড়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করা হবে। অবহেলিত এ অঞ্চলকে উন্নয়নের রোল মডেল বানানো হবে। বাবার রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়ন করা হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরামের সভাপতি সৈয়দ নাজমুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপদেষ্টা সাঈদুল ইসলাম। বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স পাবনার আহ্বায়ক রাসেল হোসাইন, শহীদ জুলকারনাইনের বাবা আব্দুল হাই হাদী, উপজেলা জামায়াত সেক্রেটারি আনিছুর রহমান, ইমাম হোসেন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক, শিবিরের কেন্দ্রীয় নেতা মুতাসিম বিল্লাহ সাদ, জুলাই ওরিয়ার্স পাবনার আহ্বায়ক আরিফুল ইসলাম ও উপজেলা ছাত্রদল নেতা সালমান বিশ্বাস।

এসময় আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান, পৌর যুব বিভাগের সভাপতি নজরুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
সুন্দরবনে কমান্ডারসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ
ছবি: ভিওডি বাংলা
দিনাজপুরে শিক্ষার্থীদের সড়ক-রেল অবরোধ, সংঘর্ষে আহত ৮
ছবি : সংগৃহীত
পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২