হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪১১ মামলা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে বিশেষ কার্যক্রমের আওতায় একদিনে মোট ২ হাজার ৪১১টি পুরাতন মামলার নিষ্পত্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সুপ্রিম কোর্টের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ১ হাজার ৬৫৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চগুলোতে ৭৫৬টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর ছয় কার্যদিবসে মোট ২৬ হাজার ৫৬০টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯ হাজার ৮৩৬টি ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৭২৪টি রিট মামলা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত ৭ মে থেকে প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে এ বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার কার্যকারিতা বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুরাতন মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য