আরও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে আরও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: এলপি গ্যাস ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা বিকালে
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ ডিসেম্বর ৩৮ টাকা বাড়িয়ে এই দাম ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একই সঙ্গে জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ ডিসেম্বর অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
ভিওডি বাংলা/জা







