প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সব প্রার্থীদের নির্বাচনী প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার পর বন্ধ থাকবে। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচার কার্যক্রম থামানোর বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন, নির্ধারিত সময়ের পর কোনো রাজনৈতিক দল বা প্রার্থী সভা, মিছিল, প্রচারপত্র বিতরণ বা গণমাধ্যমে প্রচারণা চালাতে পারবে না।
ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকায় এবার ৩০০ আসনের বদলে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
ইসি সচিবালয় জানিয়েছে, ইতিমধ্যেই দেশের ৪৯টি জেলায় রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে, বাকি জেলাগুলিতেও রোববারের মধ্যে বিতরণ শেষ হবে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঝালকাঠি-১ আসনে ভোটার সংখ্যা সবচেয়ে কম, ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন, আর সর্বাধিক ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে, যেখানে ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। দলগুলোর মধ্যে সর্বোচ্চ প্রার্থী দিয়েছে বিএনপি (২৯১ জন)।
ইসির সিনিয়র সচিব আরও জানিয়েছেন, সারাদেশে ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ২,৪৭,৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি শেষ।
ভিওডি বাংলা/এমএস







