মধুপুর
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে যৌথবাহিনীর সশস্ত্র মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু,শঙ্কামুক্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে যৌথ বাহিনীর সশস্ত্র মহড়া দিয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত রেজার নেতৃত্বে এই জনসচেতনামূলক টহল কার্যক্রম পরিচালিত হয়।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নাঈম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম, থানার ওসি জাফর ইকবালসহ নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর কর্মকর্তাগণ।
বিজিবি, র্যাব সদস্যরা মহড়ায় অংশ নেন। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতিতে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
টহলটি মধুপুর উপজেলার বিএডিসি কাকরাইদ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়ক অতিক্রম করে মধুপুর আনারস চত্ত্বর, জামালপুর রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জনসাধারণের মাঝে নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা পৌঁছে দেওয়া হয়।
স্থানীয় ভোটাররা যৌথ বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, এই ধরনের টহল ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকলে নির্বিঘ্নে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্তভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই যৌথ বাহিনীর এই সশস্ত্র মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর রিফাত রেজা জানান, আমরা বিজিবি, পুলিশ, র্যাব ও সিভিল প্রশাসনের সহযোগিতায় মহড়া কার্যক্রম পরিচালনা করছি।
ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত হয়—সেই লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মধুপুর উপজেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনগুলোতেও যৌথ বাহিনীর নজরদারি জোরদার থাকবে।
ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ







