আবদুস সালাম:
কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতি হয়

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম পোলিং এজেন্ট এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, ভোটের দিনে কোনো ধরনের ভুল বা অবহেলা দলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানী বনানীতে ঢাকা-১৭ আসনের বিএনপি নির্বাচনী প্রধান কার্যালয়ে পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় ও নির্দেশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকের হয়ে লড়ছেন।
আবদুস সালাম বলেন, "এখন পর্যন্ত সব ঠিক আছে। জনগণ আমাদের পক্ষে রয়েছে। জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। তবে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত করা যাবে এমন কোনো ভুল করা যাবে না।" ভোটের দিন সামান্য কোনো ভুলও দলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এজন্য প্রতিটি কেন্দ্র ও নির্বাচনী ভেন্যুতে দায়িত্বপালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আবদুস সালাম জানান, প্রতিটি ভোট কেন্দ্রের জন্য আলাদা ভেন্যু প্রধান নিয়োগ করা হয়েছে। "মোট ৪৭টি ভেন্যুর জন্য ৪৭ জন ভেন্যু প্রধান দায়িত্বে থাকবেন। কোনো জরুরি প্রয়োজনে ভেন্যু প্রধান সংশ্লিষ্ট টিম ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করবেন।"
তিনি পোলিং এজেন্টদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বর্ণনা করেন। "কে কেন্দ্রীয় প্রধান, কে ভেন্যু প্রধান-এগুলো মুখ্য নয়। মুখ্য হলো পোলিং এজেন্টরা। নির্বাচনের ফলাফল তাদের ওপর নির্ভর করছে। যারা নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করবে, আমরা জিতব ইনশাআল্লাহ।"
আবদুস সালাম বলেন, "দলের জয়ই সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কার কী দায়িত্ব দেওয়া হয়েছে সেটিকে ছোট করে দেখার সুযোগ নেই। সবাইকে দায়িত্বশীল হতে হবে।"
তিনি ভোটকেন্দ্রে সার্বক্ষণিক উপস্থিত থাকার নির্দেশ দেন। কোনো অবস্থাতেই কেন্দ্র ছাড়া যাবে না এবং কোনোরূপ বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, যাতে ভোটাররা কেন্দ্রে আসতে নিরুৎসাহিত হন।
ভোটার উপস্থিতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "ভোট যত বেশি হবে, ততই দলের লাভ। ভোট যেন স্লো না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোথাও দীর্ঘ লাইনে ভোটার দাঁড়িয়ে থাকলে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।"
আবদুস সালাম বলেন, "ভোটের দিন সকালে ফজরের নামাজের পর সবাইকে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। রিপ্লেসমেন্ট না আসা পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না। খাবার দেরিতে হলেও সমস্যা নেই, কিন্তু কেন্দ্র ছাড়া যাবে না।"
তিনি পোলিং এজেন্টদের জন্য নির্ধারিত ফর্ম ও বক্স নম্বরের গুরুত্বও তুলে ধরেন। "গণনার সময় নিজের কাছে সংরক্ষিত নম্বরের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এতে কোনো গরমিল হলে সঙ্গে সঙ্গে বোঝা যাবে।"
দায়িত্ব পালনে গাফিলতির ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "কোনো কেন্দ্র বা থানায় দায়িত্বে অবহেলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব নিতে না পারলে আগেই জানাতে হবে। বিএনপিতে দায়িত্বশীল মানুষের অভাব নেই।"
আবদুস সালাম বলেন, "এটি চেয়ারম্যানের নির্বাচন। এখানে কোনো সুপারিশের সুযোগ নেই। সবাইকে যার যার দায়িত্ব শতভাগ পালন করতে হবে। আমাদের পেছনে যাওয়ার কোনো পথ নেই, সামনে এগিয়ে জিততেই হবে।"
তিনি আরও বলেন, "জনগণ এখন প্রস্তুত। ধানের শীষ ছাড়া বিকল্প নেই, এ কথা জনগণ বুঝে গেছে। এখন মাঠে থাকা ধান কেটে ঘরে তোলার দায়িত্ব আপনাদের। ইনশাআল্লাহ, সবাই একসঙ্গে কাজ করলে বিজয় নিশ্চিত হবে।"
ভিওডি বাংলা/জা







