• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের আগে মেঘনা আলমের জিডি

ভিওডি বাংলা ডেস্ক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ এ.এম.
গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম

নির্বাচনি প্রচারণার মাঝেই নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে থানার দ্বারস্থ হলেন ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম। ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগে বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান।

জিডিতে মেঘনা আলম উল্লেখ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তার প্রচারণা শুরুর তারিখ ছিল ২২ জানুয়ারি। তবে নানা ধরনের হুমকি-ধমকি এবং তার নারী সমর্থকদের ওপর স্ট্রিট হ্যারাজমেন্টের কারণে তিনি স্বাভাবিকভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করতে পারেননি।

তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। অতীতে এই আসন থেকে কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি বলেও জিডিতে উল্লেখ করেন তিনি। ভীতিকর পরিবেশের কারণে সাধারণত নারীরা এখানে প্রার্থী হতে আগ্রহ দেখান না বলে জানান মেঘনা আলম। এবারের নির্বাচনে তিনি একমাত্র নারী প্রার্থী বলেও উল্লেখ করেন।

মেঘনা আলম বলেন, সরকারি ঘোষণার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে গানম্যানসহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন এবং তাদের নির্দেশনায় স্পেশাল ব্রাঞ্চকেও জানান। তবে আশ্বাস মিললেও এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তার নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বর্তমান রাজনৈতিক উত্তেজনা ও নির্বাচনি পরিবেশের প্রেক্ষাপটে তাকে নিরাপত্তা না দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং বৈষম্যমূলক আচরণের শামিল বলে দাবি করেন তিনি।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টকশোতে নীতিকথা বলা ব্যক্তিরাই ভোটারদের টাকা দিচ্ছেন
নজরুল ইসলাম টকশোতে নীতিকথা বলা ব্যক্তিরাই ভোটারদের টাকা দিচ্ছেন
টাকা জব্দের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ: আসিফ মাহমুদ
টাকা জব্দের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ: আসিফ মাহমুদ
হাসপাতালে রিজভী, দেখতে গেলেন তারেক রহমান
হাসপাতালে রিজভী, দেখতে গেলেন তারেক রহমান