ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) বিভিন্ন মোবাইল নম্বর থেকে হত্যার হুমকির শিকার হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
মোনামি পোস্টে হুমকির কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে অসংখ্য মৃত্যুর হুমকির মুখোমুখি হচ্ছেন, যা তার শেয়ার করা স্ক্রিনশটের একটি উদাহরণ মাত্র।
তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, “প্রিয় তারেক রহমান, এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?” এবং শেষের দিকে যোগ করেছেন, ‘সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকে প্রস্তুত আছি।’
মোনামি এর আগে ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বিভাগ থেকে তদন্ত শুরু হয়েছে। ঢাবি কর্তৃপক্ষও বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক ও নারী ব্যক্তিত্বদের প্রতি হুমকি প্রদান ও মানহানির ঘটনাগুলি উদ্বেগজনক হিসেবে বিবেচিত হচ্ছে।
ভিওডি বাংলা/জা







