ইউরোপে তীব্র তাপপ্রবাহে ৩ দেশে ৩ হাজার ৭শ’ মৃত্যু

ইউরোপজুড়ে সাম্প্রতিক ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। তিন দেশের সরকারি তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র গরম অনুভূত হয়। ইউরোপের স্বাভাবিক আবহাওয়ার তুলনায় এই তাপমাত্রা ছিল অনেক বেশি এবং দীর্ঘস্থায়ী। এর ফলে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে যায়, একই সঙ্গে বিভিন্ন দেশের স্বাস্থ্যব্যবস্থা চাপে পড়ে।
আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, চলতি বছরের এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি। তীব্র গরমের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইউরোপে এমন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যেসব মানুষের মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশই আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতা বা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসকদের ধারণা, তাপপ্রবাহ না হলে তাদের অনেকেই হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন।
তাপপ্রবাহে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট শুক্রবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, আট দিনের তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু হয়েছে ২ হাজার ২৫ জনের।
তিনি বলেন, বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি হিসাবের বাইরেও প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্টেফানি রিস্ট বলেন, “আমাদের ধারণা, সরকারিভাবে আমাদের হাতে যে সংখ্যা আছে, মৃতের প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি।”
বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে অতিরিক্ত মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার ২০০ জনের।
মৃতদের মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছরের বেশি। এছাড়া ১৮০ জনের বয়স ৬৫ বছরের নিচে এবং বাকিদের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে।
এক বিবৃতিতে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গ্রীষ্মকালে এত বেশি অতিরিক্ত মৃত্যু এর আগে কখনও দেখা যায়নি। তারা একে দেশের জন্য “অভূতপূর্ব” পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছে।
নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুনের ওই তাপপ্রবাহে দেশটিতে অতিরিক্ত মৃত্যু হয়েছে অন্তত ৪৮০ জনের।
মৃতদের বেশিরভাগের বয়স ৮০ বছরের বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরম বৃদ্ধ ও অসুস্থ মানুষের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছে।
সূত্র: রয়টার্স
ভিওডি বাংলা/জা








মন্তব্য