অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে আর নেই

মারণরোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ভারতীয় গণমাধ্যম সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই দিন মুম্বাইয়েই তার শেষকৃত্য সম্পন্ন হয়।
জানা যায়, ২০১৯ সালে তার শরীরে ‘মাইলোমা’-এক ধরনের রক্তের ক্যানসার-ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসার মধ্যেই ছিলেন তিনি। তবে শারীরিক জটিলতা সত্ত্বেও অভিনয়ের কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি। বরং অসুস্থতাকে সঙ্গী করেই শুটিং চালিয়ে গেছেন এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।
বিভিন্ন সাক্ষাৎকারে প্রবীণা দেশপাণ্ডে বলতেন, শুটিং ফ্লোরই তার সবচেয়ে প্রিয় জায়গা। ক্যামেরার সামনে দাঁড়ানোই তাকে মানসিক শক্তি দিত। জীবনের শেষ সময় পর্যন্ত অভিনয়ের প্রতি তার সেই টান অটুট ছিল।
হিন্দি ও মারাঠি-দুই ভাষার চলচ্চিত্র ও ধারাবাহিকে তিনি সমান স্বচ্ছন্দ ছিলেন। ছোট পর্দায় তার জনপ্রিয়তা আসে বিশেষভাবে ঘর এক মন্দির ধারাবাহিকের মাধ্যমে। এই সিরিজে তার অভিনয় দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলে।
বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলতেন, শুটিং ফ্লোরই তার সবচেয়ে প্রিয় জায়গা। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের প্রতি সেই টান বজায় রেখেছিলেন এই শিল্পী। হিন্দি ও মারাঠি ভাষার চলচ্চিত্রেই সাবলীল পদচারণা ছিল প্রবীণার।
বড় পর্দার পাশাপাশি টেলিভিশন জগতেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। সালমান খানের সুপারহিট ছবি ‘রেডি’-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
এছাড়াও ‘গব্বর’ ছবিতে অক্ষয় কুমার এবং ‘জালেবি’ ছবিতে রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে তার কাজ নজর কেড়েছিল। সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান ৩’-তে স্বল্প সময়ের জন্য পর্দায় এসেও দর্শকদের মন জয় করেন তিনি। তাকে শেষবার দেখা গিয়েছিল ইমরান হাশমির সঙ্গে ‘তস্করি’ সিরিজে।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রবীণা দেশপাণ্ডে নিজস্ব এক জায়গা তৈরি করে নিয়েছিলেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ভিওডি বাংলা/জা







