এমপিদের পেনশন বাতিল করল লঙ্কান সরকার

সব এমপিদের পেনশন সুবিধা বাতিল করেছে শ্রীলঙ্কার সরকার। রাজনীতিবিদদের বিশেষ সুবিধা কমানোর সরকারি অঙ্গীকারের অংশ হিসেবে মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ খবর দিয়েছে এনডিটিভি।
এতে বলা হয়, শ্রীলঙ্কার বিচারমন্ত্রী হরসানা নানায়াক্কারা সংসদে বলেন, এই কক্ষের বিতর্কের মান ও সদস্যদের বক্তব্য দেখে জনগণ মনে করেন না যে এমপিরা পেনশনের যোগ্য। পরে ভোটাভুটির মাধ্যমে অবিলম্বে কার্যকরভাবে পেনশন বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের নেতৃত্বাধীন বামপন্থি সরকার ৪৯ বছর পুরোনো পার্লামেন্টারি পেনসন অ্যাক্ট বাতিল করেছে। কয়েক মাস আগে সরকার সাবেক প্রেসিডেন্টদের সরকারি বাসভবন, গাড়ি ও হাজারো দেহরক্ষীর সুবিধাও প্রত্যাহার করেছিল।
২২৫ সদস্যের সংসদে ক্ষমতাসীন দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। পেনশন আইন বাতিলের পক্ষে ভোট দিয়েছেন ১৫৪ জন সাংসদ। বিপক্ষে ভোট দেন মাত্র দুইজন।
বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, অবসর-পরবর্তী সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সাংসদদের জন্য পেনশন প্রয়োজন। অন্যথায়, অবসরে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কেউ কেউ দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের প্রলোভনে পড়তে পারেন বলে তিনি মন্তব্য করেন।
আগের আইনে সংসদ সদস্যরা পাঁচ বছর দায়িত্ব পালনের পর পেনশনের অধিকারী হতেন, যেখানে অন্যান্য রাষ্ট্রীয় কর্মচারীদের ক্ষেত্রে নূন্যতম ১০ বছর চাকরির শর্ত ছিল।
গত সেপ্টেম্বর সরকার সাবেক নেতাদের বিশেষ সুবিধা বাতিলের আইন প্রণয়ন করে, যখন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সরকারি বাংলো ছাড়ার অনুরোধ প্রত্যাখ্যান করেন। আগে সাবেক প্রেসিডেন্টরা বিলাসবহুল গাড়ি, সরকারি জ্বালানি, সচিবালয় কর্মী ও ব্যক্তিগত নিরাপত্তা সুবিধা পেতেন। যেগুলো এখন ব্যাপকভাবে কমিয়ে দেয়া হয়েছে।
ভিওডি বাংলা/আরকেএইচ







