এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়ায় নারী ফুটবল দল

প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ নারী ফুটবল আসর এএফসি নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশের নারী ফুটবলের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেন। স্কোয়াডে রয়েছেন আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমাসহ দলের নিয়মিত সদস্যরা। টুর্নামেন্টটি আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া–এর তিনটি শহরে অনুষ্ঠিত হবে।
প্রথমবার অংশগ্রহণ করলেও আত্মবিশ্বাস নিয়েই মহাদেশীয় এই প্রতিযোগিতায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। অভিজ্ঞতা ও সাফল্যের দিক থেকে গ্রুপের অন্য দলগুলোর তুলনায় পিছিয়ে থাকলেও ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্য নিয়েই প্রস্তুতি সম্পন্ন করেছে দল।
বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেন, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা অর্জনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই খেলোয়াড়দের মানসিক ও টেকনিক্যাল উন্নতিতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
৩ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন চীন। ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৯ মার্চ প্রতিপক্ষ পাঁচবার এশিয়ান কাপ খেলা উজবেকিস্তান।
ভিওডি বাংলা/জা







