• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তথ্য শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”

এদিকে, মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনার এলাকায় ১৫ হাজার পুলিশ মোতায়েন থাকবে। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি পরিদর্শনে এসে এই তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বা বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানে ও হবে না। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে স্বেচ্ছাসেবকসহ ১৫ হাজার পুলিশ শহিদ মিনার ও আশপাশের এলাকায় দায়িত্বে থাকবে।”

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, “যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বোম্ব ডিস্পোজাল, সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াডসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশে ৬৪টি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে এবং দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব মহাপরিচালক আরও উল্লেখ করেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবিষ্যতে আরও ভালো হবে। আমরা সতর্ক আছি, আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়। দাবি আদায়ের নামে জনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে দেওয়া হবে না।”

ভিওডি বাংলা/এসএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদের প্রথম অধিবেশন ২৬ ফেব্রুয়ারি
সংসদের প্রথম অধিবেশন ২৬ ফেব্রুয়ারি
চকবাজার চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের ৭ বছর আজ
চকবাজার চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের ৭ বছর আজ
কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার