• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কাতার–বাহরাইন ঘাঁটি থেকে মার্কিন সেনা সরানো শুরু

আন্তর্জাতিক ডেস্ক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মোতায়েন বাহিনীর অংশ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। কাতার ও বাহরাইনে থাকা সামরিক ঘাঁটি থেকে শত শত সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন এই সংবাদমাধ্যম জানায়, ইরান পরিস্থিতি ঘিরে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন, ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

এসব ঘাঁটির মধ্যে কাতারের আল উবেইদ ঘাঁটিটি সবচেয়ে বড়। ২০২৫ সালের জুন মাসে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর সময় এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান।

বাহরাইনের ঘাঁটিটি ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট। তবে কাতার ও বাহরাইন থেকে সেনা সরানো শুরু হলেও বাকি ছয়টি দেশের ঘাঁটি থেকে এখনো কোনো সেনা অপসারণ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন–এর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই ৮টি ঘাঁটিতে বর্তমানে মোট ৩০ থেকে ৪০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।

সম্প্রতি জাতিসংঘ–এর মহাসচিবের কাছে চিঠি দেন সংস্থাটিতে নিযুক্ত ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। সেখানে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আগ্রাসী অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, সম্পদ ও অবকাঠামোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য করবে দেশটির সেনাবাহিনী।

এই চিঠির পরই কাতার ও বাহরাইন থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয় পেন্টাগন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের সামগ্রিক দায়িত্বে রয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। কেন শুধু কাতার ও বাহরাইন থেকেই সেনা প্রত্যাহার করা হচ্ছে— এ বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হলেও কোনো কর্মকর্তা মন্তব্য করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস, আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-দিল্লি বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের আশা
ঢাকা-দিল্লি বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের আশা
ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
গাজায় সেনা মোতায়েন করতে যাচ্ছে ৫ দেশ
গাজায় সেনা মোতায়েন করতে যাচ্ছে ৫ দেশ