‘মোংলা বন্দরের সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে’

নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মোংলা বন্দর পরিদর্শন করেছেন সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি মোংলায় পৌঁছে বন্দরের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর বন্দর জেটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, “অতীত সরকারের সময় ভারতের সঙ্গে মোংলা বন্দরের বিভিন্ন প্রকল্পে চুক্তি হয়েছে। বাংলাদেশের স্বার্থ এবং বন্দরের স্বার্থ ঠিক রেখে সব চুক্তি যাচাই-বাছাই করে খতিয়ে দেখা হবে।”
মন্ত্রী আরও জানান, “মোংলা বন্দরের সম্ভাবনা কাজে লাগিয়ে এর সক্ষমতা বৃদ্ধি এবং পূর্ণাঙ্গভাবে ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। দ্রুততম সময়ে মোংলা-খুলনা রুটে রেল চলাচল বাড়ানো হবে।”
পরিদর্শনে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
অন্যদের মধ্যে মোংলা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) শফিকুল ইসলাম সরকার, যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন), ড. আনিসুর রহমান (যুগ্ম সচিব, প্রকৌশল ও উন্নয়ন), যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ, পরিচালক (বোর্ড) ও পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এমএস







