সরকারি বেতন-ভাতা নেবেন না কৃষিমন্ত্রী আমিন-উর-রশীদ

সরকারি বেতন-ভাতা গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন। তিনি জানিয়েছেন, মন্ত্রী হওয়ার পর থেকে তিনি নিজের গাড়ি ব্যবহার করছেন এবং নিজস্ব অর্থে কেনা জ্বালানি ব্যবহার করছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউস-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, “মন্ত্রী হওয়ার পর থেকে আমি নিজের গাড়ি এবং নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছি। সরকারি গাড়ি ব্যবহার করি না, তেলের খরচও নেই না। যত দিন মন্ত্রী থাকব, তত দিন সরকারি গাড়ি ব্যবহার করব না এবং সরকারি বেতন-ভাতা গ্রহণ করব না।”
কৃষি খাতের অগ্রগতির প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা তিনিই স্থাপন করেছেন। স্থানীয়দের সহযোগিতায় জেলায় এক ধরনের শিল্প বিপ্লব হয়েছে এবং বহু কারখানা গড়ে উঠেছে। এ অগ্রগতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কৃষিতে কুমিল্লার ঐতিহ্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জেলার কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘ট্যাংক ও ব্যাংকের নগরী’ হিসেবে কুমিল্লার যে সুনাম রয়েছে, সেই ঐতিহ্য সমুন্নত রাখতে কাজ করা হবে।
মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।
ভিওডি বাংলা/ আ







