শপথের পর প্রথমবার নিজ এলাকায় প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আগমন করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন গৌরীপুর উপজেলার ভাংনামারী, ডৌহাখলা, রামগোপালপুর, আচিন্তপুর ও সহনাটি ইউনিয়ন নেতাকর্মীদের দেওয়া সংর্বধনা গ্রহন করেন। এ সময় বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।
বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি উপজেলা পাবলিক হলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন বলেন, ‘গৌরীপুর এলাকার রাস্তা-ঘাট, অবকাঠামো উন্নয়নসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, এই অঞ্চলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ সময় উপজেলা ও পৌর পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/মোঃ হুমায়ুন কবির/আ







