গুলিস্তানে ২ কাটা হাত উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়

রাজধানীর গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দু’টি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর আধুনিক প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বিশ্লেষণ করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম ওবায়দুল্লাহ (৩০), তার বাড়ি নরসিংদী জেলায়।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে উদ্ধারকৃত হাতগুলো গুলিস্তান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের ১ ও ৪ নম্বর গেটের মাঝামাঝি এলাকার সামনের রাস্তার পাশ থেকে পাওয়া গেছে।
ঘটনাস্থলে পৌঁছে পল্টন থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। আঙুলের ছাপ বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে, হাত দুটি ওবায়দুল্লাহর। যদিও মৃতদেহের বাকি অংশ এখনও উদ্ধার হয়নি।
ওসি মোস্তফা কামাল খান জানান, নিহতের শরীরের অবশিষ্ট অংশ উদ্ধারে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তার বাড়ি নরসিংদী হলেও কাটা হাত দু’টি কীভাবে গুলিস্তানে এসেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ চলছে। অপরাধীদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের নৃশংস ঘটনা সমাজে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্তে সকল সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী শনাক্ত ও গ্রেফতারের পরই হত্যাকাণ্ডের কারণ এবং এটি পরিকল্পিত কিনা তা স্পষ্ট হবে।
স্থানীয় প্রশাসনও পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আশপাশের রাস্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







