মধ্যপ্রাচ্যে উত্তেজনা
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের খবরে আন্তর্জাতিক আকাশপথে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও—মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান হামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, "সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে বিমানের মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।"
বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, "ইউএস-বাংলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো স্থগিত রয়েছে। তা ছাড়া বিকেল পর্যন্ত ইউএস বাংলার মধ্যপ্রাচ্য রুটে চলাচলরত এয়ারক্রাফটগুলোর কোনোটিই আকাশে নেই, সব এয়ারপোর্টে রয়েছে।"
ভিওডি বাংলা/এমএস







