ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে ইন্টারনেট সেবা কঠোরভাবে সীমিত করা হয়েছে। শনিবার দুপুর থেকে ব্ল্যাকআউট শুরু হওয়ার পরপরই তা দ্রুত প্রসারিত হচ্ছে।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইরানের ইন্টারনেটের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরানে বর্তমানে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন রয়েছে।
নেটব্লকস আরও জানায়, "গত বছর ইসরায়েলি হামলার সময় যেরকম ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, ঠিক একইভাবে এবারও বন্ধ করা হয়েছে।"
অন্যদিকে, জর্ডানের রাজধানী আম্মানে শনিবার দুপুরে একটি বাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তথ্যটি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে। তবে এ বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, এবং ইরানও জর্ডানে হামলার তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি।
এর আগে ইসরায়েলে পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে—সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও আবুধাবি—ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইরানের বিভিন্ন শহরেও হামলার ঘটনা চলছে।
ভিওডি বাংলা/এমএস







