• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন দূতাবাস বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বাহরাইনের রাজধানী মানায় মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র দেশটিতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। শনিবার ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ব্যাপক পাল্টা হামলা চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বাহরাইনে নিযুক্ত মার্কিন দূতাবাস জানিয়েছে, “বাহরাইনে চলমান ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে আগামীকাল (রোববার) দূতাবাস বন্ধ থাকবে। রোববারের জন্য নির্ধারিত সব নিয়মিত ও জরুরি কনস্যুলার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। দূতাবাস স্বাভাবিক কার্যক্রমে ফিরলে তা জানানো হবে।”

প্রথম দফায় বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের হামলার পর আবারও দেশটিতে বিস্ফোরণ ঘটেছে। তবে দ্বিতীয় দফায় ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে বাহরাইন।

বাহরাইনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ—সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত—তেও মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। অধিকাংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভেদ করার আগে ধ্বংস করা হয়েছে বলে দেশগুলো জানিয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে এই উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন স্বার্থকে লক্ষ্য করা হয়েছে। এর ফলে ওই অঞ্চলে নতুন, দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এবং বলেছে, “এটি আমেরিকার যুদ্ধ নয়।” এছাড়া কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ফোনালাপে “তাৎক্ষণিকভাবে উত্তেজনা বন্ধের” আহ্বান জানিয়েছেন।

সূত্র: এএফপি, আল জাজিরা

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট
জর্ডানের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা
জর্ডানের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা
বিস্ফোরণ, উত্তেজনা ও অস্থিতিশীল হতে পারে মধ্যপ্রাচ্য
বিস্ফোরণ, উত্তেজনা ও অস্থিতিশীল হতে পারে মধ্যপ্রাচ্য