ডা. আহসান উল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য’, এই প্রতিবাধ্যকে সামনে রেখে পবিত্র রমজান মাস উপলক্ষে ছনুয়া ইউনিয়নে হতদরিদ্র ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ডা. আহসান উল্লাহ স্মৃতি সংসদ।
বুধবার (১১মার্চ) সংগঠনটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রয়াত ডা. আহসান উল্লাহর বড় ছেলে অ্যাডভোকেট এবি এম ওমর ফারুক।
এ সময় ছনুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের পাশাপাশি দুটি এতিমখানার এতিম শিশুরাও ইফতার সামগ্রী গ্রহণ করে।
অ্যাডভোকেট এবি এম ওমর ফারুক বলেন, তার বাবা ডা. আহসান উল্লাহকে স্মরণীয় করে রাখতে তিনি বড় ছেলে হিসেবে ডা. আহসান উল্লাহ স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে হতদরিদ্র ও এতিমদের সহায়তা প্রদান, আর্থিক অসচ্ছলতার কারণে বিয়ে দিতে না পারা পরিবারের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং বেকার যুবকদের জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন এতিমখানায় বই-পুস্তক ও আর্থিক সহায়তাও দেওয়া হয়।
তিনি আরও জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশের একটি অংশ থেকে গরিব ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, প্রায় তিন বছর আগে ডা. আহসান উল্লাহ স্মৃতি সংসদ গঠন করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি গরিব, অসহায় ও এতিম মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে। পাশাপাশি এলাকার উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়েও কাজ করছে সংগঠনটি।
এ বিষয়ে এলাকাবাসী জানান, সংগঠনটির মানবিক কার্যক্রমে তারা আনন্দিত ও সন্তুষ্ট। তারা আশা করেন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/জহির আদনান/আ







