বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে কক্ষজুড়ে হাস্যরস ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানও হাসিমুখে টেবিল চাপড়ে তার প্রতিক্রিয়া জানান।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, দেশে পুনরায় সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছে।
এরপর তিনি পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন। সরকারি দলের সাংসদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবে সমর্থন জানান।
বিরোধী পক্ষ থেকেও প্রস্তাবের প্রতি সমর্থন ব্যক্ত করেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বক্তব্যে বলেন, “ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লার কাছাকাছি। তার সঙ্গে আমার বিশেষ হৃদ্যতা রয়েছে। সব মিলিয়ে অত্যন্ত আনন্দচিত্তে সমর্থন জানাচ্ছি।”
মৃদু রসিকতার সুরে তিনি আরও মন্তব্য করেন, বিরোধী দলের সঙ্গে পূর্ব আলোচনা করে ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি করা হলে আরও ভালো হতো। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী এমন বিষয়ে বিরোধী দলের সঙ্গে পরামর্শ করবেন।
ভিওডি বাংলা/এমএস







