উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ

রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর একটি শপিং মলে ভাঙচুর হয়েছে। মার্কেটটির সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকেরা।
উত্তরা–১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মলের সামনে রোববার (১৫ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, কোনো রিকশাচালক নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি গুজব হতে পারে। তবে পরিকল্পিতভাবে কেউ অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের সূত্রে জানা গেছে, সোমবার ( ১৬ মার্চ) দুপুরেও শপিং মলটি সচল হয়নি। পুলিশ সদস্যরা পাহারা দিচ্ছেন জানিয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, একটি শপিং মলের সামনে রিকশা দাঁড়ানোকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মী ও রিকশাচালকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষুব্ধ রিকশাচালকদের অভিযোগ, শপিং মলের নিরাপত্তাকর্মীরা ভেতরে এক রিকশাচালককে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছেন। তবে ওই রিকশাচালকের পরিচয় কেউ নিশ্চিত করে জানাতে পারেননি।
রিকশাচালককে হত্যার খবর ছড়িয়ে পড়লে শত শত রিকশাচালক শপিং মলের সামনে জড়ো হন। শপিং মলে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালানো হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা চেষ্টা চালায়। পরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।
পরিস্থিতি জানতে পেরে স্থানীয় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে রিকশাচালকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে বিক্ষুব্ধ রিকশা চালকরা ধীরে ধীরে সরতে থাকেন।
ভিওডি বাংলা/আরআর







