• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদে ঘরমুখো মানুষের ভিড়:

গাবতলী-কল্যাণপুরে বাড়তি ভাড়া ও যানজটের চাপ

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ১১:৪৭ এ.এম.
ঘরমুখো মানুষের ভিড় ও বাড়তি ভাড়া নিয়ে সকাল থেকেই উত্তেজনা-ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দে রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দিন যত এগোচ্ছে, তত বাড়ছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের আশায় হাজারো মানুষ দীর্ঘ অপেক্ষার পর বাড়ির পথে যাত্রা শুরু করেছেন। তবে স্বস্তির সঙ্গে কিছু ঝক্কি-ঝামেলা ও রয়েছে-বাড়তি ভাড়া ও যানজটের অভিযোগ জটিলতা সৃষ্টি করছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, যাত্রীরা ব্যাগ-সামগ্রী নিয়ে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গাবতলী টার্মিনালে উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রীদের উপস্থিতি বেশি, আর কল্যাণপুরের কাউন্টারগুলোতেও ঘরমুখো মানুষ ভিড় করছে।

অনেকে আগেভাগে টিকিট সংগ্রহ করলেও কিছু যাত্রী আজই তাৎক্ষণিকভাবে টিকিট পেতে ভিড় করছেন। সরকারি ছুটির সঙ্গে ব্যক্তিগত ছুটি যোগ করে অনেকেই ঢাকাসহ শহর ছেড়েছেন। তবে বাস নির্ধারিত সময়ে না আসায় অনেক যাত্রী দীর্ঘসময় অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি বড় অভিযোগ হচ্ছে, সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০–৪০০ টাকা বেশি আদায় করা হচ্ছে।

রংপুরগামী যাত্রী শাহ আলম বলেন, “সকাল ৮টার বাস একটু দেরিতে ছাড়ছে। আমার টিকিট আগে কাটা ছিল, তাই বাড়তি ভাড়া দিতে হয়নি। তবে আমার কাজিনকে একই গাড়িতে যেতে বেশি টিকিট দিতে হয়েছে। প্রত্যেক বছরই আমাদের এই ভোগান্তি সহ্য করতে হয়।”

কল্যাণপুরে পরিবার নিয়ে বাসের অপেক্ষায় থাকা আনোয়ার হোসেন বলেন, “টিকিট পাওয়াটা বেশ কষ্টকর হয়েছে। বাস দেরিতে আসায় মানুষের ভিড় বেড়ে গেছে। তবু দীর্ঘদিন পর বাবা-মায়ের সঙ্গে দেখা হওয়ার আনন্দটাই আলাদা।”

বাড়তি ভাড়ার বিষয়ে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার জানান, “আমরা সরকারি নির্ধারিত ভাড়া নিয়েই যাত্রী পরিবেশন করছি। তবে ফিরতি পথে বাস খালি আসে বলে মালিকপক্ষ সামান্য সমন্বয় করছে।” তিনি আরও জানান, বাস দেরি হওয়ার প্রধান কারণ হলো সাভার ও আমিনবাজারের প্রবেশপথে যানবাহনের ধীরগতি।

টার্মিনালগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। পুলিশ ও র‍্যাবের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে, যাতে ছিনতাই বা হয়রানি রোধ করা যায়। এছাড়া বিআরটিএর ভিজিল্যান্স টিমও টার্মিনালে কার্যক্রম পরিচালনা করছে।

সব মিলিয়ে ঝক্কি-ঝামেলা থাকলেও নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের মুখে আনন্দের ছাপ চোখে পড়ছিল। তাদের লক্ষ্য একটাই – সঠিক সময়ে পরিবারের কাছে পৌঁছে ঈদের আনন্দ ভাগাভাগি করা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কমলাপুর রেলওয়ে স্টেশনে কমেছে যাত্রীর ভিড়, স্বস্তিতে যাত্রীরা
কমলাপুর রেলওয়ে স্টেশনে কমেছে যাত্রীর ভিড়, স্বস্তিতে যাত্রীরা
নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতে সড়ক খাতে নজিরবিহীন সমন্বিত উদ্যোগ
নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতে সড়ক খাতে নজিরবিহীন সমন্বিত উদ্যোগ
অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা, টাকা ফেরত যাত্রীদের
অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা, টাকা ফেরত যাত্রীদের