যশোরে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৪৫ যাত্রী

যশোর-নড়াইল মহাসড়কের ফতেহপুর এলাকায় চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসে থাকা ৪৫ জন যাত্রীই দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যশোরের মনিহার এলাকা থেকে ৪৫ জন যাত্রী নিয়ে 'নড়াইল এক্সপ্রেস' পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি সদর উপজেলার ফতেহপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। বিকট শব্দে বাসটি বন্ধ হয়ে গেলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে যাত্রীরা হুড়োহুড়ি করে দরজা দিয়ে নামার চেষ্টা করেন এবং অনেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে নিরাপদ আশ্রয়ে যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় আধা ঘণ্টার নিরলস প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ফলে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাসটি দাউদাউ করে জ্বলছে এবং কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বাসটিতে যান্ত্রিক ত্রুটি ছিল। তিনি বলেন, "বাসটি ছাড়ার আগে চালক ইঞ্জিনের ত্রুটির কথা মালিককে জানিয়েছিলেন। কিন্তু মালিকের জোরাজুরিতেই চালক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে।"
ভিওডি বাংলা-জুবায়ের হোসেন/জা







