লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলা নিষ্পত্তি

রাষ্ট্রীয় অর্থায়নে আইনগত সহায়তা প্রদান করে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (এনএলএএসও) ২০০৯ সাল থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ৩২ হাজার ২১৬টি মামলা নিষ্পত্তি করেছে।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে আজ শনিবার (২৮ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আইনগত সহায়তা কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এ সময়ে সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীদের ৫ লাখ ৫৫ হাজার ৯০৮টি মামলায় আইনগত পরামর্শ সেবা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারি অর্থায়নে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩২২টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এছাড়া দেশের ৬৪টি জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ২৯ হাজার ৭৪টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৮২০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
আইনগত সহায়তা আইন অনুযায়ী, আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের খরচে এসব সেবা প্রদান করা হয়ে থাকে।
সংস্থাটির কার্যক্রম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
ভিওডি বাংলা/আরআর/এমএস







