রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিদর্শন, দ্রুত ভ্যাকসিন সরবরাহের তাগিদ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলমান হামের (মিজেলস) প্রাদুর্ভাবের পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। সোমবার (৩০ মার্চ) হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে তিনি প্রশাসন, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশে প্রথম হাম আক্রান্ত রোগী গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে শনাক্ত হয়েছিল। তিনি বলেন, “২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ বিনামূল্যে ভ্যাকসিন পেত। তবে এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে ক্রয় সংক্রান্ত জটিলতার কারণে ভ্যাকসিন সরবরাহে ব্যাঘাত ঘটে। এর ফলেই বর্তমান প্রাদুর্ভাবের সৃষ্টি হতে পারে।”
ডা. রফিকূল ইসলাম আরও উল্লেখ করেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাস্থ্য সহকারী ও ভ্যাকসিন পোর্টারদের বিভিন্ন দাবির আন্দোলনের কারণে টিকাদান কার্যক্রমও ব্যাহত হয়েছে। ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ এ ধরনের পরিস্থিতিতে দুর্ভোগে না পড়ে, সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার প্রয়োজন আছে।”
তিনি সরকারের প্রতি তাগিদ দেন, “যথাসম্ভব দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করে তা জনগণের মধ্যে বিতরণের ব্যবস্থা করা উচিত।” তিনি জানান, সাধারণত ৯ মাস ও ১৫ মাস বয়সে শিশুদের হামের টিকা প্রদান করা হয়। তবে সাম্প্রতিক প্রাদুর্ভাবে ৯ মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগজনক। এই বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণার মাধ্যমে সুনির্দিষ্ট কারণ বের করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে ডা. রফিকূল ইসলাম সীমিত সামর্থ্যের মধ্যেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন শিশুকে আইসিইউতে রাখা এবং অন্যান্য হাম আক্রান্ত রোগীদের ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা প্রদানের বিষয়টি সন্তোষজনক হিসেবে উল্লেখ করেন। তিনি সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।
এসময় তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
পরিদর্শনে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ উল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক জহুরুল হক এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
ভিওডি বাংলা/এমএস







