• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিদ্যুৎ বিতরণ আধুনিকায়নের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকার সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০৩১ সালের মধ্যে দেশের বিদ্যুৎ বিতরণ ক্ষমতা ৬,২৫৫ এমভিএ বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই মহাপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৬টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানির অধীনে মোট ১,৮৩৪টি বিদ্যুৎ উপকেন্দ্র সচল রয়েছে। এর মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ১,৩০৬টি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) ১৮৭টি, ডিপিডিসি ৯৯টি, ওজোপাডিকো ৯৭টি, ডেসকো ৬০টি এবং নেসকো ৮৫টি উপকেন্দ্র পরিচালনা করছে।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমানে ১৩৯টি নতুন উপকেন্দ্র নির্মাণের কাজ চলমান। বিশেষ করে পল্লী এলাকায় বিদ্যুৎ সংযোগের মানোন্নয়নে সরকার বড় ধরনের বিনিয়োগ করছে।

মন্ত্রী জানান, বাপবিবোর আওতায় ৫টি প্রকল্প চলমান রয়েছে এবং ৩টি নতুন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। নতুন ১২৮টি উপকেন্দ্র নির্মাণ ও ৭৬টি উপকেন্দ্রের আপগ্রেডেশনের মাধ্যমে ২,৫৪৩ এমভিএ বিদ্যুৎ বিতরণ ক্ষমতা বৃদ্ধি করা হবে। এছাড়া ২২৬টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে আরও ৩,৭১২ এমভিএ ক্ষমতা যুক্ত হবে। সব মিলিয়ে ২০৩১ সালের মধ্যে মোট ৬,২৫৫ এমভিএ অতিরিক্ত বিদ্যুৎ বিতরণ সক্ষমতা তৈরি হবে।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নে অন্যান্য সংস্থাও পিছিয়ে নেই। ময়মনসিংহ ও কুমিল্লা জোনে নতুন দুটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। পশ্চিমাঞ্চলে ৪টি প্রকল্প চলমান এবং নতুন ৪টি প্রকল্প গ্রহণ প্রক্রিয়াধীন। উত্তরাঞ্চলে ৩টি প্রকল্প চলছে এবং ১টি নতুন প্রকল্প পরিকল্পনাধীন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ বিভ্রাট অনেকাংশে কমবে। ফলে শিল্প, কারখানা ও আবাসিক খাতেও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের মধ্যে বাতিল ২০ সুপারিশ
অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের মধ্যে বাতিল ২০ সুপারিশ
কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়:  আমানউল্লাহ
কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়:  আমানউল্লাহ
৩১ সরকারি শিল্পপ্রতিষ্ঠান এখনও লোকসানে: খন্দকার আবদুল মুক্তাদির
৩১ সরকারি শিল্পপ্রতিষ্ঠান এখনও লোকসানে: খন্দকার আবদুল মুক্তাদির