কেরাণীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬

ঢাকার কেরাণীগঞ্জে একটি গ্যাসলাইট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ফলে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে। আহত হয়েছেন কয়েকজন।
গতকাল শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে মরদেহ কারখানার ভেতর থেকে উদ্ধার হয়।
এর আগে, একইদিন দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভেতরে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা শ্রমিকরা আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, কারখানাটিতে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা ছিল না। অগ্নিনির্বাপণ সরঞ্জামের অভাব এবং জরুরি নির্গমন পথ না থাকায় শ্রমিকরা দ্রুত বের হতে পারেননি, যে কারণে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, “এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”
ভিওডি বাংলা/এসআর







